কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ২৫৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল বিজি-৩০৬ ফ্লাইটটি। শুক্রবার রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়।
উড়োজাহাজটি সচল করতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে বিমানের একটি প্রকৌশলী দল শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায়। এরপর প্রকৌশলীরা মেরামতকাজ সম্পন্ন করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করেন। মেরামত শেষে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
তবে কারিগরি ত্রুটির পাশাপাশি রোমে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি নিয়ে ব্যাপক অভিযোগ ওঠে। ইতালির ভিসা না থাকায় অনেক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ সময় তাদের বিমানবন্দরের ভেতরেই অবস্থান করতে হয়। যাত্রীদের অভিযোগ, ত্রুটি শনাক্ত হওয়ার পরও দীর্ঘ সময় তাদের উড়োজাহাজের ভেতরে বসিয়ে রাখা হয়েছিল।
পরবর্তীতে লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে অনেক যাত্রীকে চেয়ারে কিংবা মেঝেতে রাত কাটাতে হয়েছে। এছাড়া খাবার পেতে বিলম্ব এবং প্রয়োজনীয় ওষুধ সময়মতো না পাওয়ার অভিযোগও করেছেন কয়েকজন যাত্রী। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও ভোগান্তির পর রোববার দুপুরে ঢাকায় পৌঁছানোর মাধ্যমে রোমে আটকে পড়া যাত্রীদের প্রায় ২৮ ঘণ্টার দুর্ভোগের অবসান হলো।
সূত্র: যুগান্তর








