ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

প্রকাশ:

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনে জ্বালানি খাতের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও কিয়েভ তাদের হামলা অব্যাহত রেখেছে, যা রাশিয়ার জন্য অসহনীয়। এর পাল্টা পদক্ষেপ নেওয়া এখন অনিবার্য হয়ে পড়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে চলা ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা ৪৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর ফলে দেশটির কয়েকটি অঞ্চলে পেট্রল ও ডিজেলের সরবরাহে বিধিনিষেধ আরোপ করতে হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার রাতভর হামলায় দুইজন প্রাণ হারিয়েছেন। আঞ্চলিক গভর্নরের তথ্যমতে, এই ঘটনায় চার শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন