তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই নতুন মজুরি কাঠামো নিয়ে গাজীপুরের শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে বড় ধরনের মতভেদ। বুধবার সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ভিন্ন ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়েছে।
মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেক শ্রমিক নতুন উদ্যমে কর্মস্থলে যোগ দিয়েছেন। তারা জানান, নতুন মজুরি কাঠামো অনুযায়ী কাজ শুরু করতে তারা আগ্রহী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে এবং ডিসেম্বর মাস থেকেই নতুন কাঠামো কার্যকর হবে।
অন্যদিকে, নাওজোর ও ইটাহাটা এলাকাসহ বেশ কিছু কারখানার শ্রমিকেরা নতুন এই মজুরি মেনে নিতে নারাজ। মজুরি কাঠামো ও মালিকপক্ষের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ার জেরে শ্রমিকদের মাঝে অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব এলাকার অন্তত ১০টি কারখানায় সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, এপিবিএন ও পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের সাথে নিয়মিত টহল দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সূত্র: মানবজমিন








