ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও অবৈধ পণ্য প্রবেশ নিয়ন্ত্রণ করতে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই উদ্দেশ্যে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামক ২০ সদস্যের একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। এর আগে শনিবার (৭ নভেম্বর) বাহিনীটি গঠনের ঘোষণা দেওয়া হয় এবং পরের দিন রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, এই বাহিনী বর্তমানে পুরোপুরি সক্রিয় রয়েছে এবং এর মাধ্যমে ইরানের ওপর বিদ্যমান নৌ অবরোধ আরও জোরদার করা হবে। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের পাশাপাশি এ উদ্যোগের ফলে ইরানে পণ্য প্রবেশ ও বের হওয়া কঠিন হয়ে পড়বে বলেও দাবি করেন তিনি।
সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, নতুন এই বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, দেশটির অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জাম মজুত করার সক্ষমতাকে সীমিত করবে।
ফ্লোরিডাভিত্তিক এই বিশেষ বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন, যারা বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তাদের প্রধান লক্ষ্য হলো ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সমুদ্রপথ ব্যবহার করে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করা। সেন্টকমের দাবি অনুযায়ী, মার্কিন নৌ অবরোধের প্রভাবে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল রফতানি এখন পর্যন্ত আটকে গেছে।
তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি ব্যর্থ বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সকে জানিয়েছেন, ওয়াশিংটন বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিকল্পনায় অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা করলেও তারা কখনোই সফল হবে না। তিনি আরও দাবি করেন, চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার মার্কিন লক্ষ্য পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক যোগাযোগ ও যাতায়াতের পথ বন্ধ করার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বলেও তিনি মন্তব্য করেছেন।
সূত্র: গালফ বাংলা








