উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কাতারের জোর কূটনৈতিক তৎপরতা

প্রকাশ:

উপসাগরীয় অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রশমন ও শান্তি বজায় রাখার লক্ষ্যে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কাতার। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, জর্ডানের আয়মান সাফাদি এবং কুয়েতের শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন।

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনীতির কোনো বিকল্প নেই বলে আলোচনায় গুরুত্বারোপ করা হয়। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এ সময় নেতারা গত ২০ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলি মেনে চলার ওপর জোর দিয়েছেন। এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা এবং সামগ্রিক উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা।

সাম্প্রতিক সময়ে ইরান, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে কাতারের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে সব পক্ষকে ধৈর্য ধারণ ও আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়েও নেতাদের মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানা গেছে।

একই সঙ্গে ২০ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন