কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’ (Al-Utruja Endowment) দেশজুড়ে কোরআন শিক্ষার প্রসারে এক অনন্য নজির স্থাপন করেছে। বর্তমানে এই প্রকল্পের সহায়তায় দেশের বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী পবিত্র কোরআন অধ্যয়ন করছে। দীর্ঘমেয়াদি ও টেকসই এই উদ্যোগটি কাতারে দ্বীনি শিক্ষা বিস্তারে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, আওকাফ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে মোট ১৭৬টি কোরআন শিক্ষাকেন্দ্র ও প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে দেড় হাজারেরও বেশি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান করছেন। আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা জানান, আল-উতরুজা ওয়াকফ এমন একটি সৃজনশীল প্রকল্প যেখানে ওয়াকফকৃত সম্পদের আয় সরাসরি কোরআনের বহুমুখী সেবায় ব্যয় করা হয়। এটি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি স্থায়ী অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করেছে, যা তাদের কার্যক্রমের পরিধি বৃদ্ধিতে সহায়তা করছে।
এই ওয়াকফের নিজস্ব অর্থায়নে ২০২২ সালে ১১২টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট একটি আধুনিক আবাসন প্রকল্প উদ্বোধন করা হয়। এই প্রকল্প থেকে অর্জিত নিয়মিত মাসিক আয় কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়। ড. আবু শুরাইদার দেয়া তথ্যমতে, বর্তমানে আল-উতরুজার বিভিন্ন কেন্দ্রে ৯ হাজার ১৩১ জন নারী শিক্ষার্থী অধ্যয়ন করছেন। নারীদের এই অংশগ্রহণ কেবল তাদের দ্বীনি জ্ঞানই বৃদ্ধি করছে না, বরং একটি আদর্শ পরিবার গঠন ও ইসলামী ঐতিহ্যের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাধারণ নাগরিক ও প্রবাসীদের জন্য এই কল্যাণমূলক কাজে অংশগ্রহণের সুযোগ রয়েছে। যেকেউ ১ হাজার কাতারি রিয়াল অথবা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ দান করে এর অংশীদার হতে পারেন। এছাড়াও ওয়াকফের কার্যক্রম আরও গতিশীল করতে আওকাফ অধিদপ্তর তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে নতুন ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে ভাড়ার জন্য খালি থাকা সম্পত্তির তথ্য অনলাইনে দেখা এবং ভাড়ার আবেদন করা যাচ্ছে। সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য আল-উতরুজা ওয়াকফে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। পাশাপাশি, এই ওয়াকফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেও যেকেউ এতে অবদান রাখতে পারেন।
বক্তব্যের শেষ পর্যায়ে ড. আবু শুরাইদা এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থায়ী এই ওয়াকফ প্রকল্পটির মাধ্যমে কোরআন শিক্ষার মানোন্নয়ন ও প্রসার ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা








