কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি গাজ্জায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দোহায় অনুষ্ঠিত শুরা কাউন্সিলের ৫৫তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি স্পষ্টভাবে বলেন, গাজ্জায় যা ঘটছে তা নিঃসন্দেহে গণহত্যা এবং এই অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই জবাবদিহিতার আওতার বাইরে রাখা যাবে না। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় চলমান দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি গণহত্যার জন্য জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান এই সংকটে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু। গাজ্জার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে প্রায় ২৪ লাখ বাসিন্দার মধ্যে ২১ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে চরম মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন। ইসরায়েল গাজ্জায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও ত্রাণ সামগ্রী প্রবেশেও বাধা সৃষ্টি করছে বলে জানা গেছে। এ ছাড়া গাজ্জায় প্রবেশের জন্য নির্ধারিত খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী, আশ্রয় সামগ্রী এবং তৈরি আবাসিক ঘরের পরিমাণও ইসরাইল আটকে দিচ্ছে। তীব্র মানবিক সংকটের মধ্যেই তাদের জীবনযাপন করতে হচ্ছে।
আইনি লড়াইয়ের বিষয়ে কাতারের আমীর জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলাটিতেও বিভিন্ন দেশ সমর্থন জানিয়ে যুক্ত হয়েছে। এই মামলায় কয়েকটি দেশও যোগ দিয়েছে।
গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে কাতার, মিসর ও তুরস্ক মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১০ অক্টোবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে চুক্তি সত্ত্বেও সংঘাত পুরোপুরি থামেনি; পরবর্তীতে ইসরায়েলি হামলায় আরও ১ হাজার ৪৯৩ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ২৯৯ জন আহত হয়েছেন। সবশেষে শেখ তামিম জোর দিয়ে বলেন, অঞ্চলকে স্থিতিশীল ও নিরাপদ রাখতে কাতার তার আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখবে।
সূত্র: গালফ বাংলা








