চন্দনাইশে বৌদ্ধবিহারে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ভিক্ষুকে জিম্মি করে মালামাল লুট

প্রকাশ:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর এলাকায় অবস্থিত বিজয়া রামবিহারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত চারটার দিকে মুখোশ পরা একদল অস্ত্রধারী বিহারে প্রবেশ করে ভিক্ষুকে জিম্মি করে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বিহার কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এ সময় ডাকাতেরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায়।

বিহারের ভিক্ষু জ্ঞান রক্ষিত জানান, ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে ভোর চারটার দিকে তিনি কক্ষের দরজা খুললে হঠাৎ কয়েকজন ব্যক্তি দা ও কুড়ালসহ ভেতরে ঢুকে পড়ে। অস্ত্রধারীরা তাঁকে খাটে বসিয়ে রেখে হুমকি দিয়ে বলেন, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’ এরপর তাঁর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে তারা। যাওয়ার সময় ডাকাতেরা কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়। পরে পাশের কক্ষের দুই শ্রমণের সহায়তায় তিনি দরজা খুলে বেরিয়ে আসেন।

ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম জানান, এ বিষয়ে বিহার কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ। অভিযোগ পাওয়া মাত্রই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন