চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে শুক্রবার দুপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া ও আরিবা, নেমাজের দুই মেয়ে সুমি ও সুরাইয়া এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে থাকায় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল। চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ‘মরা নদী’ নামে পরিচিত পদ্মা নদীর এই শাখাটিতে সম্প্রতি বৃষ্টি ও পানি বৃদ্ধির কারণে পানির গভীরতা বেড়ে গিয়েছিল। গোসলের একপর্যায়ে শিশুরা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।

শেয়ার করুন