সৈয়দপুর রেল কারখানায় কাজের মান নিয়ে ক্ষুব্ধ রেলমন্ত্রী

প্রকাশ:

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সংস্কারকাজের নিম্নমান দেখে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানাটি পরিদর্শনে যান তিনি। সেখানে ট্রেনের কোচের জানালা সংস্কারের কাজে অনিয়ম ও দুর্বল মান দেখে ক্ষুব্ধ মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া ভাষায় তিরস্কার করেন। তিনি কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদকে সরাসরি প্রশ্ন করেন, ‘নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করতেন?’

পরিদর্শনকালে শেখ রবিউল আলম বলেন, এত বড় একটি সরকারি কারখানায় এমন নিম্নমানের কাজ হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। এখানে না এলে এই ভয়াবহ চিত্রটি তার অজানা থেকে যেত। মন্ত্রী ক্ষোভের সুরে আরও বলেন, এখানে যে পদ্ধতিতে জানালার সংস্কার করা হচ্ছে, তার চেয়ে অনেক উন্নত মানের কাজ সাধারণ ছোটখাটো ওয়ার্কশপেও করা সম্ভব। এ ধরনের নিম্নমানের কাজের চেয়ে বরং সংস্কার কাজ বন্ধ করে দেওয়া ভালো বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে এখানকার দায়িত্বরত কর্মকর্তা ও কর্মীদের পেশাদারিত্ব ও যোগ্যতা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেন।

কারখানা পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান এবং সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূরসহ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী কারখানা চত্বরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কাজের মান নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন