জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম উপাচার্যের

প্রকাশ:

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ বহনকারী বাসে হামলা এবং ভাঙচুরের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানায় উপস্থিত হয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি এই দাবি জানান। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

এর আগে বিকেল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০ থেকে ২৫০ জন শিক্ষার্থী সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় গিয়ে অবস্থান নেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট বিকেলে ঢাকার হেমায়েতপুর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক কাওসার বাসটিকে অনুসরণ করে সিংগাইরের ভূমদক্ষিণ এলাকায় গিয়ে গতিরোধ করেন এবং অজ্ঞাত ৩-৪ জন সহযোগীকে নিয়ে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করেন।

এই হামলায় পূর্ণিমা, আখি আক্তার ও রিনভি নামে তিন শিক্ষার্থী এবং বাসচালক মো. সাজ্জাদ হোসেনসহ মোট ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর বাসচালক বাদী হয়ে মঙ্গলবার সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কাওসারের নাম উল্লেখ করে আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় দায়ের করা এই মামলার প্রধান আসামি কাওসার বর্তমানে পলাতক রয়েছেন।

এ বিষয়ে ওসি মো. মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। থানায় আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, ছাত্রসংসদের ভিপি রিয়াজুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাঙা কাচের আঘাতে ৩ শিক্ষার্থী—পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) আহত হন।

এ ছাড়া ছাত্র উদয় চক্রবর্তীসহ ১০ জন আহত হয়েছেন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শেয়ার করুন