জনসমক্ষে কেন আসছেন না মুজতবা খামেনি, জানালেন ইরানি কূটনীতিক

প্রকাশ:

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বর্তমানে শারীরিকভেবে সুস্থ আছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক ও সর্বোচ্চ নেতার প্রতিনিধি আবদুল মাজিদ হাকিম এলাহি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সুস্থ থাকা সত্ত্বেও নিরাপত্তাজনিত কারণে মুজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। এর বাইরে অন্য কোনো বিশেষ কারণ নেই বলে তিনি দাবি করেন।

কূটনীতিক আবদুল মাজিদ হাকিম এলাহি আরও জানান, গত সপ্তাহেই দেশটির প্রেসিডেন্টের সঙ্গে মুজতবা খামেনির সাত থেকে আট ঘণ্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এমনকি ইরানের পার্লামেন্টের স্পিকারও সম্প্রতি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আরও দাবি করেন, মাঝেমধ্যে রাতের বেলায় মুজতবা খামেনি রাস্তায় বের হন এবং ইরানের সাধারণ মানুষের সমাবেশেও তার অংশগ্রহণ রয়েছে।

বাবার জানাজায় মুজতবা খামেনির অনুপস্থিতি নিয়ে যে গুঞ্জন শোনা গিয়েছিল, তা জোরালোভাবে নাকচ করেছেন এই কূটনীতিক। এলাহি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সে সময় ইরানে ছিলাম এবং মুজতবা খামেনি তার বাবার জানাজায় উপস্থিত ছিলেন। সে সময় তার দুই ভাইয়ের সঙ্গেও আমার দেখা হয়েছিল।’ মূলত কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার খাতিরেই তাকে গণমাধ্যমের সামনে আনা হয়নি বলে তিনি ব্যাখ্যা দেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্প দাবি করেছিলেন, বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান দেশটি আসলে কে পরিচালনা করছেন তা স্পষ্ট নয়। তিনি অভিযোগ করেন যে, ইরানের মূল নেতাদের পাশাপাশি দ্বিতীয় সারির নেতারাও দায়িত্ব থেকে সরে গেছেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ইরানি কূটনীতিকের এই বক্তব্য ট্রাম্পের সেই দাবির বিপরীত চিত্র তুলে ধরার চেষ্টা করেছে।

শেয়ার করুন