রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ট্রাকচালক মো. হোসেনকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ প্রদান করেন। শুনানিতে আসামিপক্ষের অব্যাহতির আবেদন নাকচ করে আদালত একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ২৫ নভেম্বর ধার্য করেছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন।
আদালতে উপস্থিত আসামিরা চার্জ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান, অভিযুক্ত ৩৪ জনের মধ্যে ২২ জন শুরু থেকেই পলাতক রয়েছেন। মামলার ৯ জন আসামি কারাগার থেকে আদালতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খান রয়েছেন। এছাড়া জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়েছেন। মামলার অন্য এক আসামি মুহাম্মদ বদিউল আলম অন্য মামলায় কারাগারে থাকায় এদিন তাকে হাজির করা সম্ভব হয়নি।
আসামিদের পক্ষে এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম ও তরিকুল ইসলামসহ একাধিক আইনজীবী অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এই আবেদনের তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, এছাড়া সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমানসহ অনেকে। অভিযোগপত্রে অভিযুক্তদের তালিকায় আরও রয়েছেন আসিফ আহম্মেদ, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক, রহমান মিয়া, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া, পারভেজ, সুমন মিয়া, মিলন হোসেন, সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি ও নাইমুল হাসান রাসেল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে প্রাণ হারান ট্রাকচালক মো. হোসেন। গাবতলীতে ট্রাক রেখে বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ৩১ আগস্ট নিহত মো. হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে এই চার্জশিট দাখিল করেন।
সূত্র: যুগান্তর








