দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

প্রকাশ:

দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর সর্বোচ্চ ১০ জন করে মারা যাওয়ার রেকর্ড ছিল। নতুন করে ১১ জনের মৃত্যুর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪০০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে নতুন করে ২ হাজার ৭১ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

চলতি বছরে মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, অক্টোবর মাসে সবচেয়ে বেশি ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী মারা গেছেন। ডেঙ্গুর ক্রমবর্ধমান এই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন