সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতি বিদ্রোহীদের

প্রকাশ:

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ হামলার কথা জানান। তাদের ভাষ্যমতে, ক্ষেপণাস্ত্র হামলার কারণে শোধনাগারটিতে আগুন ধরে যায়। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই স্থাপনাটি সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার হিসেবে পরিচিত এবং এর কৌশলগত অবস্থান হরমুজ প্রণালির পশ্চিমে। তবে এই দাবির সত্যতা সৌদি আরবের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রমের জন্য রাস তানুরা এবং লোহিত সাগরের ইয়ানবু বন্দর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও এই বন্দরগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এদিকে, ব্লুমবার্গ নিউজ সূত্রের বরাতে জানিয়েছে যে, মঙ্গলবার দিনের প্রথম ভাগে রাস তানুরার একটি তেল টার্মিনালের কাছে লাগা আগুন সৌদি কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে এনেছে। তবে এই অগ্নিকাণ্ড হুতিদের দাবি করা ক্ষেপণাস্ত্র হামলার কারণেই ঘটেছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শেয়ার করুন