ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিরোধী দল এবং আরব জোটগুলোর মধ্যে যেকোনো ধরনের চুক্তি বা ঐক্য দেশের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। শনিবার (৭ নভেম্বর) রাতে যখন প্রেসিডেন্ট আইজাক হারজোগ নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের প্রহর গুনছিল পুরো দেশ, ঠিক সেই মুহূর্তে নেতানিয়াহু এই বিস্ফোরক মন্তব্য করেন।
দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বীরা তাকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে ক্রমশ আশাবাদী হয়ে উঠছেন। রাজনীতিতে নতুন মুখ সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিরোধী শিবির ধর্মীয় নিরপেক্ষ ও উদারপন্থী ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। তারা আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সঙ্গেও জোট গড়ার সম্ভাবনা খতিয়ে দেখছে, যা এক সময় অসম্ভব বলে মনে করা হতো।
আইজেনকোটের এই জোট পরিকল্পনায় এমন কিছু দল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের মধ্যে চরমপন্থী নয় এমন ইসলামপন্থী দল রাআম অন্যতম। দলটির নেতারা ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর পাশাপাশি আরব-সংখ্যাগরিষ্ঠ ‘জয়েন্ট লিস্ট’-এর বাহ্যিক সমর্থন পাওয়ার বিষয়েও আইজেনকোট আশাবাদী।
একটি পূর্ব-রেকর্ড করা ভাষণে নেতানিয়াহু ইউরোপের চরম ডানপন্থী রাজনীতিবিদদের বক্তব্যের রেশ টেনে বলেন, ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলকে ভেতর থেকে ধ্বংস করে দেবে। তিনি দাবি করেন, ইউরোপের বিভিন্ন দেশের একাংশ যেভাবে ইসলামিক আইনের প্রভাবের শিকার হয়েছে, ইসরায়েলের ক্ষেত্রে তা আরও ভয়াবহ আকার ধারণ করবে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি চরমভাবে বিভক্ত। দীর্ঘ যুদ্ধের ধকলে ক্লান্ত দেশটির কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বৃহস্পতিবার সব দলের সঙ্গে পরামর্শ শেষে প্রেসিডেন্ট হারজোগ ইঙ্গিত দিয়েছিলেন যে, আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দেওয়া যুক্তিসঙ্গত হতে পারে। কারণ, আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে, যেখানে নেতানিয়াহুর ব্লকের পক্ষে মাত্র ৪৬ জনের সমর্থন পাওয়া গেছে। নেতানিয়াহুর উগ্র-ডানপন্থি শাসনব্যবস্থায় গভীরভাবে বিভক্ত এবং দীর্ঘ যুদ্ধের চাপে ক্লান্ত এই দেশে গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
প্রেসিডেন্ট হারজোগ অবশ্য দুই শিবিরের ইহুদিদের নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পথও উন্মুক্ত রাখতে চেয়েছিলেন। শনিবার নেতানিয়াহু সেই ধারণার প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমি এমন এক জাতীয় ঐক্য সরকারের আহ্বান জানাচ্ছি, যেখানে জাতীয় শিবিরের সব দল এবং জায়নবাদী দলগুলো অন্তর্ভুক্ত থাকবে যারা রাষ্ট্রকে রক্ষা করতে চায়। তবে তিনি নিজে সেই জোটের নেতৃত্ব দেবেন কি না, তা স্পষ্ট করেননি।
নেতানিয়াহুর এমন আহবানের প্রেক্ষিতে গাদি আইজেনকোটের ‘ইয়াশার পার্টি’ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দলটির পক্ষ থেকে বলা হয়েছে, লিকুদ এবং তার মিত্ররা যদি সত্যিই ঐক্যবদ্ধ হতে চায়, তবে তাদের উগ্রপন্থীদের সঙ্গে জোট বাতিলের ঘোষণা দিতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটের অধীনে সরকারে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেই কেবল তাদের স্বাগত জানানো সম্ভব।
সূত্র: গালফ বাংলা








