পুলিশ বাহিনীতে অস্থিরতা: সন্দেহভাজন কর্মকর্তাদের নজরদারিতে কঠোর গোয়েন্দা সংস্থা

প্রকাশ:

পুলিশ বাহিনীর অভ্যন্তরেই তৈরি হয়েছে গভীর সন্দেহ ও অবিশ্বাসের পরিবেশ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ এবং গোপন তথ্য পাচারের ঘটনায় বিব্রত সরকার। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, সরকারের অনুগত সেজে থাকা কিছু কর্মকর্তা প্রকৃতপক্ষে স্পর্শকাতর তথ্য বিদেশে পাচার করছেন। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুটিকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। পলাতক নেতারা এসব কর্মকর্তাকে ব্যবহার করে নাশকতার ছক কষছেন, যার ফলে বাহিনীর ভেতর এখন একে অপরের প্রতি আস্থার সংকট চরম আকার ধারণ করেছে। পুলিশের কিছু সদস্যকে ঘিরে সন্দেহ-অবিশ্বাস তৈরি হয়েছে খোদ বাহিনীতেই। এখন বিএনপি সরকারের অনুগত সেজে কেউ কেউ ভালো পোস্টিং পেয়েছেন। তাদের অনেকেই পদোন্নতি পেয়ে এখন বড় কর্মকর্তা হয়েছেন।

সর্বশেষ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলোর তথ্যানুযায়ী, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের কর্মকাণ্ড এখন গোয়েন্দাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। অভিযোগ রয়েছে যে, তৎকালীন সুবিধাভোগী এসব কর্মকর্তা বর্তমানে কৌশলে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন পাওয়ার পরও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন। আওয়ামী লীগের আমলে তারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন।

এই নজরদারির আওতায় রয়েছেন আওয়ামী লীগ শাসনামলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্য। এর মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) পর্যায়ের কর্মকর্তা অন্তর্ভুক্ত। চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলম ছাড়াও, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কথোপকথন ফাঁসের ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত পরিচালিত হচ্ছে।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইতিমধ্যে শনাক্ত হওয়া সন্দেহভাজন কর্মকর্তাদের গতিবিধি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে তাদের সঙ্গে সরকারবিরোধী নেটওয়ার্কের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ মিলেছে। তাদের পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং চাকরির সুপারিশের ইতিহাসও এখন গোয়েন্দাদের নথিতে যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের আমলের নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের প্রোফাইল তৈরি করে তাদের ব্যক্তিগত ও পেশাগত তথ্য যাচাই করা হচ্ছে। সাম্প্রতিক কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ কানেকশন ও সরকারবিরোধী উস্কানিসহ নানা কর্মকাণ্ডের ঘটনা সামনে আসার পর নানা আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকের সন্দেহভাজন কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসব পুলিশ কর্মকর্তাকে অস্থিরতা সৃষ্টির জন্য সরাসরি দিকনির্দেশনা দিচ্ছেন। মাঠ পর্যায়ের নাশকতা বাড়াতে পলাতক নেতারা আর্থিকভাবেও সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ওই আমলের দাপুটে সিনিয়র পুলিশ কর্মকর্তারা, যারা গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে গেছেন, তারাই এখন আড়ালে থেকে অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে নাশকতা পরিচালনার চেষ্টা করছেন। অভিযুক্তদের এই নেটওয়ার্ক ভেঙে দিতে গোয়েন্দা নজরদারি ও আইনি প্রক্রিয়া চলমান রাখা হয়েছে। নীতিনির্ধারণী পর্যায়ে এসব বিষয় স্পষ্ট হওয়ার পরে নজরদারিতে রাখা হয়েছে সন্দেহভাজন অনেক পুলিশ কর্মকর্তাকে।

শেয়ার করুন