ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত

প্রকাশ:

ফেনীর দাগনভূঞা উপজেলার এফটিসি মার্কেটের সামনে বুধবার সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারীদের সঙ্গে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল আলম স্বপনের ছোট ভাই ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামশেদ আলম ফটিকের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব অভিযোগ করেন, তারা মার্কেটের সামনে অবস্থানকালে মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীনা আকবরের ছোট ভাই ইমাম হোসেন মিল্টনসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। অন্যদিকে, জামশেদুর রহমান ফটিক পাল্টা অভিযোগ করে জানান, আগের দিন থেকে শ্রমিকদল নেতা জসিমের পক্ষ থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছিল। পরিস্থিতি শান্ত করতে গেলে তার ভাই পলাশকে ইটের আঘাতে জখম করা হয়েছে এবং তাদের অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন। এ ছাড়া আমাদের আরও ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া আমাদের আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। একপর্যায়ে তারা মার্কেটে ভাঙচুর চালান। সেই পরিপ্রেক্ষিতেই তারা হামলা চালিয়েছে।

সংঘর্ষে আহত অন্যদের মধ্যে সোহেল রানা, কাজী পলাশ, মোস্তফা হাসান, মাহমুদ আরমান, ইস্রাফিল, ইব্রাহিম, এমদাদুল হক শাহীন, আরিফুল ইসলাম, রিয়াদ, মোজাম্মেল হক মাসুদ, তোফায়েল, জায়েদুল ইসলাম এবং কামরুল হাসান রয়েছেন। এছাড়া পৌর যুবদল নেতা আরমান, জয়লস্কর ইউনিয়ন ছাত্রদল নেতা এলমান হোসেন, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিহাদ, সাজ্জাদ নিলয়, আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম, পৌর যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, কাজী মোস্তাফিজুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ছুট্টু, মো. তোফায়েল ও মো. ইব্রাহিম আহত হয়েছেন বলে জানা গেছে।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুন্দ্রেহ সাহা জানিয়েছেন, হাসপাতালে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইমাম হোসেন মিল্টন ও কাজী মোস্তাফিজুর রহমান পলাশকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

শেয়ার করুন