উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, এই লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: মানবজমিন








