যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা এবং ডলারের মান শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে আসে। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে পৌঁছায়। লেনদেনের শুরুতে এটি ৩ হাজার ৭৫৭ ডলারে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দর। এছাড়াও ডিসেম্বরের ভবিষ্যৎ সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী মাসগুলোতে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অনুসরণের জোরালো প্রত্যাশা স্বর্ণের বাজারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।
বর্তমান বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকায় ডলারে লেনদেন হওয়া স্বর্ণ অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে।
এদিকে নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেমসহ অন্য কর্মকর্তারা মূল্যস্ফীতি মোকাবিলায় সুদের হার আরও বাড়ানোর পক্ষে ইঙ্গিত দিয়েছেন। আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ৯৭ দশমিক ৮ শতাংশ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ২ দশমিক ২ শতাংশ।
সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বৃদ্ধি পায়, যা বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি অনাগ্রহী করে তোলে। বর্তমানে বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের গত অক্টোবর মাসের মুদ্রানীতি বিষয়ক বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় আছেন। বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান জানিয়েছেন, এই কার্যবিবরণী থেকে কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি এবং ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত সুদের হার বাড়ার ইঙ্গিত সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে, যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। অন্যদিকে প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। এই বছর এখন পর্যন্ত ধাতুটির দাম ৩০ শতাংশ কমেছে। এছাড়াও প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ ডলার ৭৫ সেন্টে লেনদেন হয়েছে। যদিও বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদের মতে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং বিনিময়-বাণিজ্য তহবিলের কারণে আগামী বছর প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
সূত্র: যুগান্তর








