ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ ফি পরিশোধে হিমশিম খাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন

প্রকাশ:

কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ম্যাচ দুটি থেকে প্রত্যাশিত আয় না হওয়ায় এই দুই দক্ষিণ আমেরিকান দেশের ম্যাচ ফির বড় অংশ এখনো বকেয়া রয়ে গেছে। এর মধ্যে ব্রাজিলের পাওনা প্রায় ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের পাওনা ৪ কোটি ৭০ লাখ রুপি। তবে বেঙ্গালুরুতে পানামার বিপক্ষে আয়োজিত ম্যাচের পাওনা পুরোপুরি পরিশোধ করেছে ফেডারেশন।

বকেয়া এই অর্থ জোগাড় করার উপায় হিসেবে ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত মেয়াদপূর্তির আগেই ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্যরা এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, জরুরি অবস্থা ছাড়া সংরক্ষিত এই তহবিল ব্যবহার করা সমীচীন হবে না। পরিস্থিতি মোকাবিলায় বিষয়টি পর্যালোচনার জন্য সহসভাপতি এনএ হারিসের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিকভাবে টিকিট বিক্রি থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল এআইএফএফ। কিন্তু ম্যাচের টিকিটের চড়া দাম এবং প্রত্যাশার চেয়ে কম দর্শক সমাগমের কারণে সেই লক্ষ্যপূরণ সম্ভব হয়নি। এমনকি ব্রাজিল ম্যাচে গ্যালারি পূর্ণ করতে শেষ পর্যন্ত ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার ঘোষণা করতে হয়েছিল আয়োজকদের।

আর্থিক এই জটিলতার কারণে এআইএফএফ এখন নতুন করে সংকটে পড়েছে। টিকিটিং পার্টনারের কাছ থেকে আগেভাগে ২৫ কোটি রুপি অগ্রিম নিয়েছিল ফেডারেশন। এখন লক্ষ্যপূরণ না হওয়ায় টিকিটিং পার্টনারের নেওয়া সেই অগ্রিম অর্থের একাংশ ফেরত দেওয়ার চাপও তৈরি হতে পারে। বর্তমানে পাওনা মেটাতে সংস্থাটি সময় বাড়ানোর আবেদন জানিয়েছে।

শেয়ার করুন