জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের সরকারি বাসভবনে এই কূটনৈতিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মৌলিক অধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেছে।
বৈঠকে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: Daily Amar Desh








