ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প চালু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে এই কার্যক্রম শুরু হয়েছে। সায়ানা তহসিলের নরসাইনা গ্রামে ড. প্রবীণের নেতৃত্বে একটি কৃষক উৎপাদক সংগঠনের (এফপিও) মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। বর্তমানে এই প্রকল্প থেকে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য ২০ রুপি পর্যন্ত মূল্য দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের আয় বৃদ্ধি করা এবং দুধ দেয়া বন্ধ করে দেয়া গরুগুলোর সঠিক দেখভাল নিশ্চিত করা। এছাড়া সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের মাধ্যমে রাসায়নিক উপাদানের বিকল্প তৈরির সম্ভাবনা নিয়েও কাজ করা হচ্ছে। প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে পুরো রাজ্যে এটি আনুষ্ঠানিকভাবে চালুর পরিকল্পনা রয়েছে। গ্রামগুলোতে গোমূত্র সংরক্ষণের জন্য ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক বসানো হয়েছে।
এই প্রকল্পে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। গোমূত্র সংগ্রহে সহায়তা করা নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেয়া হচ্ছে, যা তাদের জন্য অতিরিক্ত আয়ের পথ খুলে দিয়েছে। তবে সরকারি এই উদ্যোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) এই প্রকল্পকে একটি ‘কেলেঙ্কারি’ হিসেবে অভিহিত করেছে।
সমাজবাদী পার্টির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন যে, আসন্ন নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যেই বিজেপি সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। তিনি আরও দাবি করেন, রাজ্যে গোশালা কিংবা সেখানে রাখা গরুগুলো মোটেও নিরাপদ নয় এবং এই প্রকল্পের মাধ্যমে কোনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
বিরোধী দলের এমন সমালোচনার কড়া জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র হিরো বাজপাই। তিনি বলেন, সরকার কোনো উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করলেই সমাজবাদী পার্টি তাতে অহেতুক ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে। বাজপাই আরও যোগ করেন, সমাজবাদী পার্টি যে যাদব জনগোষ্ঠীর রাজনীতির কথা বলে, সেই জনগোষ্ঠীর মানুষরাই যখন এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, তখনও দলটি সন্তুষ্ট হতে পারছে না।
সূত্র: Probash Khabor








