ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

প্রকাশ:

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট প্রচার ও বিভিন্ন পরিচালনাগত ত্রুটির কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে ফেলার ঘটনায় ভারত সরকার মেটাকে তলব করে। এর পরিপ্রেক্ষিতে মেটার গ্লোবাল টিম ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে জাকারবার্গের ক্ষমা চাওয়ার বার্তা পৌঁছে দেয়।

বৈঠকে মেটা টিমকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা আইটি আইনের আওতায় ‘মধ্যস্থতাকারী’ হিসেবে গণ্য হবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ‘সেভ হারবার’ সুবিধা দাবি করে, তা এখানে প্রযোজ্য নয়।

মেটার কর্মকর্তারা স্বীকার করেছেন যে, নির্দিষ্ট কিছু কনটেন্ট বুস্ট করার পেছনে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। অবৈধ কনটেন্ট প্রচারের জন্য মেটা তাদের ভুল মেনে নিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, এই বিষয়ে মেটার কর্মকর্তাদের আবারও তলব করা হবে। এর আগে মোদির ভিডিও মুছে ফেলার ঘটনায় জাকারবার্গকে তিন দিনের আলটিমেটাম দিয়েছিল ভারত সরকার।

শেয়ার করুন