কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফি বুধবার চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুনের সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এ সময় দুই নেতা কাতার ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক আরও গভীর ও মজবুত করার উপায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।
ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন এবং উত্তেজনা প্রশমনে চলমান বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে আরব উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার পক্ষে কাতারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং সব ধরণের ইতিবাচক কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানান।
ড. আল-খুলাইফি বলেন, এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা সুসংহত করার মাধ্যমে একটি সমন্বিত ও টেকসই শান্তির পরিবেশ তৈরিতে কাতার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাতার একযোগে কাজ চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: গালফ বাংলা








