ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় স্থবির চট্টগ্রাম, জনজীবনে চরম ভোগান্তি

প্রকাশ:

টানা অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা আবারও জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এর মধ্যে কেবল সকাল ৬টা থেকে ৯টার মধ্যেই ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূইয়া জানিয়েছেন, দিনভর ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

বৃষ্টির ফলে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, কাপাসগোলা ও আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে। সকালে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। অনেক স্থানে হাঁটু সমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। এই সুযোগে রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বৃষ্টির পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বহদ্দারহাটের খাজা রোডের বাসিন্দা হাবিব জানান, সামান্য বৃষ্টিতেই তাদের নিচতলায় পানি উঠে যায়। সকালে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় তাদের অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। জলাবদ্ধতার কারণে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

শেয়ার করুন