মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শি জিনপিং সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই বিরোধের স্থায়ী নিষ্পত্তি সম্ভব। তিনি আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন এবং মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় জর্ডানের অনন্য ভূমিকার প্রশংসা করেন।
ফিলিস্তিন সংকটের বিষয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করা জরুরি। তিনি ফিলিস্তিন সমস্যার একটি সর্বাত্মক, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পক্ষে চীনের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। বর্তমানে জর্ডান একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জোট এবং অন্যদিকে ওয়াশিংটন, ইসরাইল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এক জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে রয়েছে।
বৈঠকের অংশ হিসেবে চীন ও জর্ডান কূটনীতি, বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খল উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া এক যৌথ বিবৃতিতে দুই নেতা হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে স্থিতিশীলতা বজায় রাখা যে বৈশ্বিক অর্থনীতির জন্য জরুরি, তা উভয় পক্ষই তুলে ধরেছে।
সূত্র: গালফ বাংলা








