দুই সপ্তাহ আগে মহেশখালীতে বিকল হয়ে পড়া এলএনজি টার্মিনালটি আংশিক সচল হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এটি পুনরায় চালু করা হয়। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন, টার্মিনালটিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর এক্সিলারেট এনার্জির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। উল্লেখ্য, সমুদ্রপথে আসা এলএনজি ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে গ্রহণ ও সংরক্ষণের পর গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
সূত্র: মানবজমিন








