ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের মানুষ বারবার জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে এতিম ও বিধবা হয়েছেন। এই ত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ আত্মত্যাগ করেছে, তা এখনো পূরণ হয়নি। তিনি বলেন, মানবরচিত কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়; বরং এর জন্য ইসলামই একমাত্র পরীক্ষিত সমাধান। বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম আরও বলেন, বৈষম্য দূরীকরণ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংখ্যালঘুদের শান্তি বজায় রাখার জন্য ইসলামই একমাত্র কার্যকর পদ্ধতি। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান যে সুযোগ তৈরি করেছিল, তা কাজে লাগাতে তারা ইসলামের ভিত্তিতে একটি সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু যখন সেই সমঝোতা সম্ভাবনাময় হয়ে উঠেছিল, তখন স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দিয়ে প্রচলিত রাজনৈতিক ধারায় ফিরে যায়। এতে দেশের ও জুলাইয়ের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।
সমাবেশে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া জুলাইয়ের চেতনার সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। কারণ, অতীতে গুমের ঘটনার সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ ছিল সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু বর্তমান সরকার সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে এবং নগর দক্ষিণ সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নগর দক্ষিণ সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, নগর উত্তরের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ।
সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ঢাকা বর্তমানে বসবাসের অযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে। নাগরিক সুবিধা থেকে নগরবাসী বঞ্চিত। তিনি ঘোষণা করেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী জয়ী হলে ঢাকাকে একটি পরিকল্পিত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
সূত্র: Daily Amar Desh








