মাত্র ১৮ বছর বয়সেই মেক্সিকোর ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন গিলবার্তো মোরা। মেক্সিকোর ক্লাব জোলোস দে তিহুয়ানার হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও অংশ নিয়েছেন। ইউরোপের ফুটবলে তাঁর পাড়ি জমানোর গুঞ্জনের মধ্যেই ক্যারিয়ারের এক অবিস্মরণীয় মুহূর্ত এল তার জীবনে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি তাঁকে ভবিষ্যতের সেরা ১০ তারকার একজন হিসেবে বেছে নিয়েছেন।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে বিশ্বের ১০ জন প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে ‘আগামীর তারকা’ হিসেবে মনোনীত করেছেন মেসি। সেই তালিকায় জায়গা করে নিয়ে মোরা শুধু স্বীকৃতিই পাননি, পেয়েছেন মেসির বিশেষ উপহার। তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছে অ্যাডিডাসের বিশেষ সংস্করণের একজোড়া এফ৫০ ফুটবল বুট। ‘ফুটবল ই ফামিলিয়া’ নামের এই বিশেষ বুটটির রং গোলাপি, সাদা ও কালো এবং এর জিহ্বার অংশে মেসির নিজস্ব লোগো রয়েছে।
নিজের এমন প্রাপ্তিতে আবেগে আপ্লুত মোরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মেসি +১০ প্রকল্পের অংশ হতে পারাটা আমার জন্য বড় সম্মানের। আমাকে নির্বাচিত করায় আপনাদের ধন্যবাদ। মেসির বিশেষ বুট পরে মাঠে নামাটা হবে আমার স্বপ্নপূরণের শামিল।’
গিলবার্তো মোরার এই সাফল্য হঠাৎ কোনো ঘটনা নয়। ক্লাব ফুটবলে নিজের দক্ষতা প্রমাণ করে তিনি মেক্সিকোর ফুটবলে অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে পরিচিতি পেয়েছেন। মেসির এই তালিকায় নাম আসায় আন্তর্জাতিক ফুটবলে তাঁর পরিচিতি আরও বাড়বে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। একই সঙ্গে এটি মেক্সিকোর তরুণ ফুটবল প্রতিভার জন্যও এক বিশাল বড় স্বীকৃতি।
বর্তমানে ইউরোপের কোন ক্লাবে মোরা পরবর্তী অধ্যায় শুরু করবেন, তা নিয়ে ফুটবল দুনিয়ায় বেশ কৌতূহল রয়েছে। তবে আপাতত সেই জল্পনা সরিয়ে রেখে অর্জিত এই স্বীকৃতি উপভোগ করছেন তিনি। ১৮ বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের হাত থেকে এমন স্বীকৃতি পাওয়া যে কোনো ফুটবলারের জন্যই অনন্য প্রাপ্তি এবং স্বপ্নপূরণের মতো ঘটনা।
সূত্র: প্রথম আলো








