রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে তিনি এ তথ্য জানান।
নির্বাচনি কর্মকর্তা হিসেবে স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সংসদ সদস্যদের এই নির্বাচনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি জানান, ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা নিজেদের পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন এবং ব্যালট পেপার পাওয়ার পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঠিকঠাক আছে কি না তা যাচাই করে নেবেন। সিইসি আরও জানান, ভোটদান ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদ অধিবেশনেই ঘোষণা করা হবে।
সূত্র: যুগান্তর








