সিরাজগঞ্জে অবৈধ সার মজুত

প্রকাশ:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুতের দায়ে জামায়াত নেতা মনিরুল ইসলামকে (৪৫) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় আব্দুর রশিদের ছেলে মনিরুল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার মধ্যরাতে তার ব্যক্তিগত গুদামে এই অভিযান পরিচালনা করে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি অটোরিকশাযোগে প্রায় ২০-২৫ বস্তা সার গুদামে আনা হচ্ছিল। বিষয়টি এলাকাবাসীর সন্দেহজনক মনে হলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন জানান, অভিযুক্ত ব্যক্তি একজন ডিলারের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত করেছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে এবং মনিরুল ইসলামকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত এই সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত সারগুলো ভদ্রঘাট ইউনিয়নের স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনার সময় কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন