ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে বড় ধরনের চোরাচালান আটক হয়েছে। অভিযানে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ এবং অর্ধশতাধিক চোরাই গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি। রোববার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান, জব্দ হওয়া এসব মাদকদ্রব্য ও চোরাই গরু স্থানীয় কাস্টমস অফিস এবং জোরারগঞ্জ থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং সীমান্ত সুরক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক কারবার নিয়ন্ত্রণে ফেনী ব্যাটালিয়ন নিয়মিত ও কঠোর গোয়েন্দা নজরদারি বজায় রেখেছে। এর অংশ হিসেবেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া ও জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও বিজিবির এমন কঠোর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে বাহিনীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








