সৌদিতে ১৫০ দেশের অংশগ্রহণে ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু

প্রকাশ:

সৌদি আরবের জেদ্দা সুপারডোমে রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং ৫২০টির বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সহযোগিতায় দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় এই বৃহৎ আয়োজনের উদ্যোগ নেয়।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই বৈশ্বিক প্ল্যাটফর্মে দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পাদন এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজ কোটা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে। মূল লক্ষ্য হলো আসন্ন হজ মৌসুমের সার্বিক প্রস্তুতি আগেভাগে সম্পন্ন করা, সেবার গুণগত মান বৃদ্ধি করা এবং অংশীদার দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরে হজ ও উমরা মন্ত্রণালয়। ৬৭ হাজার বর্গমিটারের বেশি বিশাল জায়গাজুড়ে বিস্তৃত এই প্রদর্শনীতে ১৫টিরও বেশি প্রধান জোন ও বিশেষ কর্মসূচি রয়েছে। সেখানে পরিবহন, আবাসন, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবনী সেবা তুলে ধরছে। হজযাত্রাকে সহজ করতে নতুন প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগগুলোকে এখানে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ও মুখপাত্র ড. গাসসান আলনুআইমি জানান, আগের পাঁচটি সম্মেলনে ১ হাজার ৮৫০টির বেশি সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেসব সম্মেলনে ৩১০টির বেশি বিষয়ভিত্তিক অধিবেশন ও ২৫০টি কর্মশালা অনুষ্ঠিত হয় এবং দর্শনার্থীর সংখ্যা ছাড়ায় ৫ লাখ ৭০ হাজার। তিনি জোর দিয়ে বলেন, সম্মেলনের মূল সফলতা কেবল আলোচনা বা স্মারকে সীমাবদ্ধ নয়, বরং এসব সিদ্ধান্তকে বাস্তবসম্মত সেবা ও উন্নয়ন পরিকল্পনায় রূপান্তরের ওপরই আসল জোর দেওয়া হচ্ছে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মক্কা থেকে বিশ্বে।’ এই কাঠামোর অধীনে সৌদি আরব জনসমাগম ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সেবা খাতের অভিজ্ঞতা বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে ভাগাভাগি করতে চায়। সম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচির জন্য তিনটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে—অবকাঠামো ও পরিচালনাসেবা, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় এবং টেকসই উন্নয়ন ব্যবস্থা।

সম্মেলনে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং ফোরাম’, যার মূল স্লোগান ‘সচেতনতা থেকে সক্ষমতায়।’ এই ফোরামের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং আধুনিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর কাজ করা হবে। পাশাপাশি তরুণ গবেষক ও উদ্ভাবকদের উৎসাহিত করতে সম্মেলনে বিভিন্ন বিশেষ প্রদর্শনী ও হজ কাউন্সিলের ব্যবস্থা রাখা হয়েছে।

উলেখ্য, ২০১৯ সালে চালু হওয়া ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’ মূলত সৌদি ভিশন ২০৩০-এর একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ। বিশ্বজুড়ে আসা হজ ও উমরা পালনকারীদের পবিত্র যাত্রা আরও আরামদায়ক, নিরাপদ এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করতেই সৌদি সরকার এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে।

আসন্ন হজ মৌসুমের সেবা নিশ্চিত করতে সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজ মিশন এবং সেবাদানকারী কোম্পানিগুলো জেদ্দার এই আয়োজনে এক ছাতার নিচে এসে চূড়ান্ত চুক্তি ও কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। আগামী দিনগুলোতে আন্তর্জাতিক পর্যায়ে যৌথ উদ্যোগের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

শেয়ার করুন