হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন দুই দিনের প্রস্তাব

প্রকাশ:

হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে দুই দিনের একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে ইরান। এই প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রথম দিনে নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করলে দ্বিতীয় দিন থেকেই প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়সীমার মধ্যে শর্ত পূরণ না করে নতুন করে কোনো হামলা চালানো হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে এবং এর পরিণাম হবে অত্যন্ত বিপর্যয়কর।

গত মাসে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, কাতারের মধ্যস্থতাকারীদের সাথে সমন্বয় করে এই পরিকল্পনাটি সাজানো হয়েছে। মূলত গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইরানের ঘোষিত সাত দিনের পরিকল্পনার ওপর ভিত্তি করেই নতুন এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তেহরানের পেশ করা দাবিগুলোর মধ্যে রয়েছে ইসলামাবাদ সমঝোতা পরবর্তী যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস এবং ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে পূর্বের ছাড়গুলো পুনর্বহাল। এর পাশাপাশি কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের অর্থ অবমুক্ত করা, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের আন্তর্জাতিক স্বীকৃতি এবং অন্যান্য নৌপথ বন্ধের দাবিও জানানো হয়েছে।

আরাগচি আরও স্পষ্ট করেছেন যে, কেবল হরমুজ প্রণালি নয়, বরং সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করাই এই প্রস্তাবের অন্যতম প্রধান লক্ষ্য। এর অন্তর্ভুক্ত হিসেবে তিনি লেবাননে ইসরাইলের চলমান সামরিক আগ্রাসন বন্ধের বিষয়টির ওপরও গুরুত্বারোপ করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ত না মানলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে পুনরায় সতর্ক করে দিয়েছেন তিনি।

শেয়ার করুন