বুকে তীব্র ব্যথা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা হঠাৎ অজানা আতঙ্কে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেক ক্ষেত্রে রোগী নিজে বুঝতে পারেন না তিনি হার্ট অ্যাটাকের শিকার নাকি এটি কেবল প্যানিক অ্যাটাক। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে চিকিৎসা নিতে দেরি হলে তা প্রাণঘাতী হতে পারে, তাই দুই উপসর্গের পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। হাসপাতালগুলোর জরুরি বিভাগে বুকে ব্যথা নিয়ে আসা অনেক রোগীর ক্ষেত্রে পরীক্ষায় প্যানিক অ্যাটাকের উপস্থিতি ধরা পড়ে। আবার নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ অনেক সময় আলাদা হতে পারে, যা ভুলবশত উদ্বেগজনিত সমস্যা মনে করে অবহেলা করা হয়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মনোবিজ্ঞানী কিকি ফেলিংয়ের মতে, এই দুই সমস্যার উপসর্গে এতটাই মিল থাকে যে, অনেক সময় চিকিৎসকও কেবল লক্ষণের ওপর ভিত্তি করে নিশ্চিত হতে পারেন না। তাই যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও মেডিকেল মূল্যায়ন অপরিহার্য।
প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে সাধারণত হঠাৎ তীব্র ভয় বা অস্থিরতা কাজ করে। এতে বুকের এক জায়গায় খোঁচা লাগার মতো বা তীক্ষ্ণ ব্যথা হতে পারে। সাধারণত মানসিক চাপ, ভয় বা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে এর উৎপত্তি ঘটে। প্যানিক অ্যাটাকের সময় হাত ঘেমে যাওয়া, শরীর কাঁপা, বুক ধড়ফড় করা ও শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়। এই ব্যথা সাধারণত খুব কম সময়ের জন্য স্থায়ী হয় এবং কয়েক মিনিটের মধ্যেই প্রশমিত হয়ে যায়। তবে কেবল ব্যথার ধরন দেখে নিশ্চিত হওয়া সম্ভব নয়, কারণ হার্ট অ্যাটাকেও কখনো কখনো ভিন্ন বা হালকা উপসর্গ দেখা দিতে পারে।
হার্ট অ্যাটাকের ব্যথা সাধারণত বুকের মাঝখানে বা বাম দিকে চেপে ধরা, ভারী অনুভূত হওয়া কিংবা মোচড় দেওয়ার মতো হয়। অনেক রোগী একে বুকের ওপর ভারী কোনো বস্তুর চাপের সঙ্গে তুলনা করেন। এই অস্বস্তি শুধু বুকের মধ্যে সীমাবদ্ধ না থেকে পিঠ, কাঁধ, ঘাড়, চোয়াল কিংবা হাতেও ছড়িয়ে পড়তে পারে। শারীরিক পরিশ্রম, রাগ, মানসিক চাপ বা দুঃসংবাদ শুনলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। এটি অনেক সময় দীর্ঘস্থায়ী হয় অথবা বারবার ফিরে আসে। এর পাশাপাশি শরীর খারাপ লাগা, ঠান্ডা ঘাম হওয়া, বমি ভাব, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ থাকতে পারে। হার্ট অ্যাটাকের কয়েক দিন আগে থেকেই অস্বাভাবিক ক্লান্তি বা বদহজমের মতো মৃদু লক্ষণ দেখা দিতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বুকে ব্যথার পাশাপাশি পিঠ বা চোয়ালে ব্যথা এবং শ্বাসকষ্টের মতো অস্পষ্ট লক্ষণগুলো সতর্কতার সঙ্গে দেখা উচিত।
লেখক: বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ, ঢাকা।
সূত্র: দৈনিক আমার দেশ








