আগামী বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন। উদ্বোধনের পরদিন অর্থাৎ ৬ আগস্ট, বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
জাদুঘরের ব্যবস্থাপনা ও নির্মাণকাজ নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, জাদুঘর উদ্বোধন উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়েছে। সময়ের প্রয়োজনে এই জাদুঘরকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
জাদুঘরে প্রবেশের নিয়ম ও টিকেটের বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের দিন বুধবার জাদুঘরটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন থেকে সাধারণ দর্শনার্থীরা টিকেট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্যমতে, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাদুঘরের মহাপরিচালক উপস্থিত অতিথি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূত্র: যুগান্তর








