কাতারে এক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার কাতারি রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন দেশটির বিনিয়োগ ও বাণিজ্য আদালতের আপিল বিভাগ। আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্ত গাড়ি চালক ও সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে যৌথভাবে এই অর্থ পরিশোধ করতে হবে।
ভুক্তভোগীর অভিযোগ ছিল, চালকের চরম অবহেলা এবং ট্রাফিক আইন অমান্য করার কারণেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাফিক আদালত প্রথমে চালককে ১০ হাজার রিয়াল জরিমানা করলেও, পরবর্তী আপিলে তা কমিয়ে ৫ হাজার রিয়াল করা হয়। তবে ভুক্তভোগী তার শারীরিক ও মানসিক ক্ষতি এবং চিকিৎসার বিপুল ব্যয়ের কথা বিবেচনা করে চালক ও বীমা কোম্পানির কাছে মোট ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনার সময় ভুক্তভোগীর আইনজীবী রওদা বেহজাদ আদালতে প্রয়োজনীয় আইনি যুক্তি ও নথিপত্র উপস্থাপন করেন। শুনানিতে আদালত নিশ্চিত হয় যে, দুর্ঘটনাটি চালকের ভুলেই ঘটেছে এবং আইন অনুযায়ী বীমা কোম্পানি এর দায় এড়াতে পারে না। প্রাথমিক আদালত উভয় পক্ষকে মিলিয়ে ৪ লাখ ৫০ হাজার রিয়াল ক্ষতিপূরণের যে নির্দেশ দিয়েছিল, বীমা কোম্পানি তার বিরুদ্ধে আপিল করলেও আদালত তা খারিজ করে আগের রায়ই বহাল রেখেছেন।
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আদালত আহত ব্যক্তির বয়স, পেশা, চিকিৎসার খরচ এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট মানসিক কষ্টের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। (তথ্যসূত্র: আল শার্ক পত্রিকা) প্রতিবেদনে যোগ করা তথ্য: স্থানীয় পত্রিকা আল শার্কের এক প্রতিবেদনে বলা হয়, অনেক দিন আগে এক সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির পা ভেঙে যায়।
সূত্র: গালফ বাংলা








