হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ডুবোযান বা সাবমার্সিবল আটক করার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। একটি জটিল গোয়েন্দা ও মাঠ পর্যায়ের অভিযান চালিয়ে যানটিকে ইরানে নিয়ে আসা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-এর বরাতে পাকিস্তান ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, আটককৃত যানটি ‘ডাইভ-এলডি’ মডেলের, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের তৈরি। এটি একটি স্বয়ংক্রিয় মনুষ্যবিহীন ডুবোযান, যা ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর ‘আনম্যানড আন্ডারসি ভেহিকল গ্রুপ-১’-এর কাছে হস্তান্তর করা হয়েছিল। আইআরজিসি জানিয়েছে, তারা এই যানটি আটকের প্রামাণিক ছবি ও ফুটেজ খুব শিগগিরই প্রকাশ করবে।
আলাদা আরেকটি ঘটনায় ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুদ্ধের বিরোধী হলেও যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে নিজেদের রক্ষা করতে তারা পিছপা হবে না। এছাড়া ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাই পারস্য উপসাগরে ‘সামুদ্রিক এক্সক্লুশন জোন’ বা নিষিদ্ধ এলাকা ঘোষণার মাধ্যমে মার্কিন অর্থনৈতিক যুদ্ধের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরান ‘ভয়াবহ শাস্তির’ সম্মুখীন হয়েছে এবং এই কৌশল অত্যন্ত কার্যকর। একই দিনে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের এভিয়েশন খাতের সঙ্গে যুক্ত ৩৬টি টার্গেটের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে ২৭টি এয়ারলাইনস এবং বিমান ও প্রযুক্তি ক্রয়ে সহায়তাকারী প্রতিষ্ঠান রয়েছে। অস্ত্র, সেনা ও অবৈধ পণ্য পরিবহনে সহায়তার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
চলমান এই উত্তেজনার মধ্যেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আরাগচি জানান, গত জুনে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা’ অনুযায়ী যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিতে ফিরে এলেই আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হবে। জবাবে জাপানের পররাষ্ট্রমন্ত্রী উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
সূত্র: মানবজমিন








