হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান, কৌশলগত প্রতিরোধের ওপর দিচ্ছে জোর

প্রকাশ:

হরমুজ প্রণালির ওপর থেকে নিয়ন্ত্রণ ইরান কোনোভাবেই সরিয়ে নেবে না বলে মনে করছেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর। মিডল ইস্ট ইনস্টিটিউটের এই ফেলো আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তেহরান এই সমুদ্রপথকে তাদের কৌশলগত প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করছে।

ইরানের নেতৃত্বের মূল লক্ষ্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সামরিক হামলা প্রতিহত করা। এই লক্ষ্য বাস্তবায়নে তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে একটি অপরিহার্য সামরিক ও কৌশলগত উপায় হিসেবে দেখছে। অ্যালান আইরের মতে, যেকোনো ধরনের দর-কষাকষির বিনিময় হিসেবে ইরান এই নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি নয়।

বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির সম্ভাব্য বড় ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোকে অন্তত স্বল্প মেয়াদে ইরানের এই নিয়ন্ত্রণ মেনে নিতে হতে পারে।

বর্তমান ভূ-রাজনীতি নিয়ে আইর আরও বলেন, আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্র এখন ওয়াশিংটন থেকে সরে গিয়ে উপসাগরীয় অঞ্চল ও ইরাকের দিকে মোড় নিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় মাত্রায় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে ‘অনিচ্ছুক এবং অক্ষম’ বলে তিনি মন্তব্য করেছেন।

শেয়ার করুন