ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট

প্রকাশ:

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘোষণা দিয়েছেন যে, তিনি যদি পুনরায় দেশটির ক্ষমতায় ফিরতে পারেন, তবে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করবেন। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কাতারকে ইরানের চেয়েও বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টেলিভিশন চ্যানেল ১২’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বেনেট এই কঠোর অবস্থানের কথা জানান।

সাবেক এই প্রধানমন্ত্রীর মতে, কাতারকে এখন পর্যন্ত শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা না করা তেল আবিবের জন্য একটি ‘অমার্জনীয় ভুল’। নিজের দাবির সপক্ষে যুক্তি তুলে ধরে বেনেট বলেন, ইরান প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিলেও কাতার পর্দার আড়ালে থেকে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে। তার অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নুখবা ফোর্সের চালানো ভয়াবহ হামলার মূল অর্থায়নকারী ছিল কাতার। এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক ও বিষাক্ত প্রচারণা চালাচ্ছে বলেও তিনি দাবি করেন।

কাতারকে সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে বেনেট আরও অভিযোগ করেন যে, দোহা যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করছে। এমনকি এই প্রভাব ইসরায়েলের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু তথা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে বলে তিনি দাবি করেন।

বেনেটের ভাষ্যমতে, কাতার সরাসরি যুদ্ধের ময়দানে অবতীর্ণ না হলেও কৌশলী ও গোপন তৎপরতার মাধ্যমে ইসরায়েলকে ভেতর থেকে দুর্বল ও নিঃশেষ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তার এই মন্তব্য ইসরায়েল ও কাতারের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন