নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের অভিযোগে ছয়টি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে ডিপিডিসির সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত লোড ব্যবহার ও মিটারবিহীন অবৈধ সংযোগের দায়ে একটি গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সিআইখোলা এলাকায় জসিম উদ্দিনের গ্যারেজে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার এবং পার্শ্ববর্তী আরেকটি গ্যারেজে মিটার ছাড়া অবৈধ সংযোগ পাওয়ায় মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে অবৈধ সংযোগটির লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। একই রাতে বাতানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা গ্যারেজ মালিক রাজাকে এক লাখ এবং মজিবুর রহমানের গ্যারেজে বিদ্যুৎ চুরির প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় শাকিলের তিনটি অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহারের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপ-সহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম ও মো. অলিউল্ল্যাহ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
পুরো প্রক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, বিদ্যুৎ আইনের ৩৮ ধারার অধীনে এই অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ রোধে প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও চলমান থাকবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: অভিযান সূত্রে জানা যায়, সিআইখোলা এলাকায় জসিম উদ্দিনের অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহার এবং পার্শ্ববর্তী আরেকটি গ্যারেজে মিটার ছাড়া অবৈধ সংযোগ দেওয়ার অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সূত্র: দৈনিক আমার দেশ








