মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৪

প্রকাশ:

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দারুসসালাম জোনের সহকারী কমিশনার (এসি) এমদাদুল হক বিপুল এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। তারা কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করার পর কেন্দ্রের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এরপর ভারী যন্ত্রপাতির সাহায্যে একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেয়া হয়।

স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে, বিএনপির দুটি পক্ষ দীর্ঘ সময় ধরে এই জায়গাটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে একটি পক্ষ সমবায় সমিতির নাম ব্যবহার করে এই দখল প্রক্রিয়া চালায়। এ ঘটনায় ইতোমধ্যে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার নেপথ্যে থাকা অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন