ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তার ভিড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক ও বাণিজ্যিক বার্তাগুলো যেন হারিয়ে না যায়, সেজন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আসা বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ নামের একটি আলাদা ফোল্ডারে জমা হবে, যা ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় বার্তা খুঁজে পাওয়া সহজতর করবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটা বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের ওপর এই ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করছে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপের ব্যবহার বহুগুণ বেড়ে যাওয়ায় ব্যক্তিগত এবং ব্যবসায়িক কথোপকথন আলাদা রাখার প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ নিয়েছে মেটা।
পরীক্ষামূলক এই সুবিধার আওতায় ব্যাংক, এয়ারলাইনস কিংবা খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের মতো বড় সংস্থাগুলোর পাঠানো বার্তাগুলো শুরুতে ব্যবহারকারীর মূল চ্যাট তালিকায় প্রদর্শিত হবে। এরপর নির্দিষ্ট সময় শেষে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন ফোল্ডারে চলে যাবে। মেটা বর্তমানে এই সময়সীমা নিয়ে কাজ করছে এবং কিছু ক্ষেত্রে বার্তাগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত মূল চ্যাট তালিকায় রাখার বিষয়টিও পরীক্ষা করা হচ্ছে। এর ফলে অর্ডারের আপডেট, পণ্য সরবরাহের তথ্য, কুপন বা মূল্যছাড়ের অফারের মতো বার্তাগুলো প্রথমে মূল ইনবক্সে দেখা গেলেও পরবর্তীতে সেগুলো নির্দিষ্ট ফোল্ডারে স্থানান্তরিত হবে।
মেটা জানিয়েছে, এই নতুন ফিচারটি ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখা হবে না। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধাটি বন্ধ রেখে আগের মতোই সব বার্তা মূল চ্যাট তালিকায় রাখতে পারবেন। তবে ব্যবসায়িক বার্তাগুলো কতক্ষণ মূল ইনবক্সে থাকবে, সেই সময়সীমা নির্ধারণের নিয়ন্ত্রণ আপাতত ব্যবহারকারীদের হাতে থাকছে না। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া এবং অ্যাপ ব্যবহারের ধরন বিশ্লেষণের ওপর ভিত্তি করেই এই ফিচারের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।
সূত্র: প্রথম আলো





