মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: শাহ আলী থানার ওসি প্রত্যাহার

প্রকাশ:

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষর করা এক দাপ্তরিক আদেশে তাকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে শুধুমাত্র ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, ওসি জাহাঙ্গীর আলমকে সরিয়ে নেওয়া হয়েছে এবং শনিবার রাতেই তিনি তার দায়িত্ব হস্তান্তর করেছেন। সংশ্লিষ্টরা জানান, এই স্বাস্থ্যকেন্দ্রটি শাহ আলী থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত।

ঘটনার সময় পুলিশের উপস্থিতিতেই হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ গতকাল সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কিনা এবং এতে কোনো পুলিশ সদস্যের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন