জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

প্রধানমন্ত্রী নির্বাসনে না থাকলে জুলাই গণ-অভ্যুত্থান সুসমন্বিতভাবে সফল করা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, সেই সময় আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই কারাগারে বন্দি ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের কবল থেকে মুক্ত হওয়ার পর যদি আমরা প্রশ্ন তুলি জুলাই কার, তবে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, সরকার জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, সংবিধানের প্রতিটি সংশোধনই এক একটি সংস্কার এবং গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

গুমের বিষয়ে মন্ত্রী জানান, গুম কমিশন অধ্যাদেশ না হলেও গুম প্রতিকার ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হবে। তিনি আরও বলেন, সরকার সংবিধানের দীর্ঘমেয়াদি সংস্কার চায় যাতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয়। জুলাই বারবার আসে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যে, মানুষ এই চেতনা শুনলে ঘৃণা করত। পরিশেষে তিনি যোগ করেন, আওয়ামী লীগ যাতে আর ফিরে আসতে না পারে, সেই প্রশ্নে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এ বিষয়ে সবাই একমত।

শেয়ার করুন