নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে বাড়ির পাশে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৬) নামের ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। তারা স্থানীয় বাসিন্দা আবদুস সাত্তারের সন্তান। ঘটনার সময় তাদের বাবা-মা বাড়ির গোয়ালঘরে কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ শিশুদের চিৎকার শুনে তারা দ্রুত ছুটে গিয়ে দেখেন দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছে। উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নেত্রকোনায় বাড়ির পাশে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই মুয়াজ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৬) ওই গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিবেশী নুরেছা খাতুনের ঘরের পল্লী বিদ্যুতের মিটারের আর্থিং তার কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে গিয়েছিল। ওই আর্থিং তার স্পর্শ করায় বড় ভাই মুয়াজ প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়, পরে তাকে বাঁচাতে গিয়ে আরাফাতও আক্রান্ত হয়।
এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পল্লী বিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ওমর ফারুক জানান, তারা ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো








