রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের মৃত্যু, বাবা পলাতক

প্রকাশ:

নরসিংদীর রায়পুরা উপজেলায় তারেক মিয়া (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে, নিহতের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, তারেক দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। সেখানে মাদক সংক্রান্ত অভিযোগে আটক হওয়ার পর তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। প্রায় আড়াই বছর আগে দেশে ফিরেও তিনি মাদকের নেশায় জড়িয়ে পড়েন এবং প্রায়ই টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অকথ্য নির্যাতন চালাতেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রশীদ জানান, ছেলের এমন অত্যাচারে পরিবারের সবাই অতিষ্ঠ ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ও স্বজনদের ভাষ্য, বুধবার রাতে নেশার টাকার দাবিতে তারেক বাড়িতে ব্যাপক ভাঙচুর করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা অলিউর রহমান ছেলের হাত-পা বেঁধে বাড়ির পেছনে গোয়ালঘরে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্রের আঘাতে তারেকের মৃত্যু নিশ্চিত হয়। ঘটনার পরপরই বাবা অলিউর রহমান আত্মগোপন করেন।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

শেয়ার করুন