দেশে চলমান গ্যাস সংকট নিরসনে দুই থেকে তিন দিন সময় প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বর্তমানে ফ্রিজিং প্রক্রিয়া চলছে। এটি শেষ হওয়ার পর বিকেলের দিকে গ্যাস সঞ্চালন পুনরায় শুরু হবে। সঞ্চালন ব্যবস্থা সচল হলে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে এবং স্বাভাবিক উত্তোলনের সক্ষমতা ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা সংকট শুরুর আগের অবস্থায় ফিরে আসবে।
সূত্র: মানবজমিন








