সমন্বয়হীন জাহাজকে তেল পাচারকারী মনে করে কঠোর অবস্থানে ইরান

প্রকাশ:

ইরানের সঙ্গে আগাম সমন্বয় না করে হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোকে তেল পাচারের সঙ্গে সম্পৃক্ত বলে বিবেচনা করছে তেহরান। এসব জাহাজের ওপর হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দেশটি। রাজধানী তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সেরদার আতাস জানান, ইরানের সেনাবাহিনী এক লিখিত বিবৃতিতে জানিয়েছে যে, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করা একটি জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর যাত্রা বন্ধ করতে বাধ্য হয়েছে।

ইরান এই ঘটনায় সরাসরি দায় স্বীকার না করলেও পরোক্ষভাবে নিজেদের সংশ্লিষ্টতার আভাস দিয়েছে। দেশটি সাধারণত সরাসরি হামলার কথা স্বীকার না করে দাবি করে যে, জাহাজগুলো সমুদ্রের নৌমাইনে আঘাত পেয়েছে। উল্লেখ্য, এসব মাইন উপসাগরীয় অঞ্চলে ইরানের সেনাবাহিনীই স্থাপন করে থাকে।

হরমুজ প্রণালীর কৌশলগত পরিস্থিতির পরিবর্তন ও ক্ষমতার ভারসাম্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ইরান এখন প্রণালীর ওপর নিজেদের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠায় মনোযোগী। তেহরানের ভাষ্যমতে, যুদ্ধের কারণে এই অঞ্চলের পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। দেশটির অবস্থান স্পষ্ট যে, তারা যদি নিজেদের তেল বিক্রি করতে না পারে, তবে অন্য কোনো দেশকেও হরমুজ প্রণালী ব্যবহার করে তেল পরিবহনের সুযোগ দেওয়া হবে না।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের বেঁধে দেওয়া সাতটি শর্ত পূরণ করা হলেই কেবল হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে। এর আগ পর্যন্ত সমন্বয়হীন প্রতিটি জাহাজকে পাচারকারী হিসেবেই গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণসহ কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে দেশটি।

শেয়ার করুন